বন্ধ হবে গুন্ডারাজ, ভাটপাড়ার সভা থেকে স্পষ্ট বার্তা তৃণমূলের
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া বিধানসভা কেন্দ্র এবার তৃণমূলের দখলে আসবে। বুধবার সন্ধ্যায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে গোলঘর ময়দানে সভায় সেকথা জানিয়ে দিলেন তৃণমূলের নেতারা। এক সমাবেশে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, প্রিয়দর্শিনী ঘোষ, সোমনাথ শ্যামরা পরিষ্কার জানিয়ে দিলেন, ভাটপাড়ায় গুন্ডারাজ আর চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রাজ চলবে। কেন্দ্রীয় সরকারের নীতির জন্য ভাটপাড়ায় একের পর এক জুট মিল বন্ধ হচ্ছে। মানুষ বিপদে পড়ে যাচ্ছে। কেন্দ্রের শাসক বিজেপি জুট মিল শ্রমিকদের জন্য কিছুই করছে না। উল্টে এখানকার যুব সমাজকে ভুল পথে পরিচালিত করেছে। আমরা তা হতে দেব না। অশান্ত ভাটপাড়াকে আমরা শান্ত করব।
অরূপ চক্রবর্তী বলেন, তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে না, উন্নয়নের জন্য রাজনীতি করে। সেই রাজনীতির সুফল পাচ্ছে বাংলার আমজনতা। প্রিয়দর্শিনী ঘোষ বলেন, ওদের অস্ত্র বোমা-গুলি, আমাদের অস্ত্র কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী। এই অস্ত্র দিয়ে লড়াই করে আগামী নির্বাচনে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা বলেন, আমরা হিন্দিভাষী মানুষেরা বাংলায় ভাল আছি। এই বাংলা সৌভ্রাতৃত্বের বাংলা। তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, শুনানিতে হয়রান করা হচ্ছে মানুষকে। প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সোমনাথ শ্যাম বলেন, অর্জুন আমাকে দেখে নেবেন বলেছেন। দেখব কত দম। আমরা কাপুরুষ নই। আগামী বিধানসভা ভোটে বারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি আসনে তৃণমূল জিতবে। এতদিন ভাটপাড়ায় একটি পরিবার ক্ষমতায় ছিল। উন্নয়নের কাজ কিছুই হয়নি। শুধু সেই পরিবার ফুলেঁফেপে উঠেছে। কো-অপারেটিভ ব্যাংকের টাকা লুট করেছে ওই পরিবার। আমরাও সব বুঝে নেব। প্রসঙ্গত, গত রবিবার বিজেপি নেতারা এই মাঠে সভা করে তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারাসতের সভাকে কেন্দ্র করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের নেতারা। এই সভাকে কেন্দ্র করে ভাটপাড়া রীতিমতো সরগরম হয়ে উঠেছিল। ব্যাপক নিরাপত্তা ছিল পুলিশের পক্ষ থেকে। তবে খবর লেখা পর্যন্ত কোনও গোলমাল হয়নি।