মনোরঞ্জন মিশ্র: অনলাইন গেম (Online Game) থেকে প্রেম, তারপর প্রেমিকার বিলাসবহুল জীবনযাপন, তারপর ক্রমে অপরাধের জগতে প্রবেশ প্রেমিকের। জাতীয় সড়কের উপর এক যুবককে ধারালো অস্ত্রের কোপ দিয়ে ছিনতাই এই প্রেমিকযুগলের। পুলিসের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত। ঘটনাটি পুরুলিয়ার।
নির্মল-তিথি
অনলাইন গেম থেকে প্রেম, তারপর প্রেমিকার বিলাসবহুল জীবনযাপন, সঙ্গে ঘুরে বেড়ানোর শখ। সেসব মেটাতে চাই বিপুল টাকা। ফলে অপরাধের জগতে প্রবেশ প্রেমিকযুগলের। জাতীয় সড়কের উপর এক যুবকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে, এবং পরে কোপ দিয়ে ছিনতাই করে তারা। পুলিস গ্রেফতার করে দুই অভিযুক্ত নির্মল গরাই এবং তিথি বিশ্বাসকে।
রাঁচি-জামশেদপুর সড়কে
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২ অক্টোবর। পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত রাঁচি-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বাইপাসের রাস্তায় বেকুড়ি গ্রামের দিকে ফিরছিলেন বাপি সর্দার। সোনাইজুড়ি আন্ডারপাসের কাছে তাঁর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে ২১ বছরের যুবক নির্মল গরাই। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার খোজড়া গ্রামে। ঘটনায় স্থানীয় টামনা থানায় অভিযোগ দায়ের হলে পুলিস তদন্তে নামে। গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুলিসের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত নির্মল।
লোভে পাপ, পাপে...
তাকে জেরা করে পুলিস জানতে পারে, নদিয়ার ধনতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী তিথি বিশ্বাসের সঙ্গে অনলাইন গেম খেলা থেকে নির্মল গরাইয়ের সম্পর্ক হয়। তিথির বিলাসবহুল জীবনযাপন আর ঘুরেবেড়ানোর শখ। সেই শখ মেটাতে অপরাধের জগতে প্রবেশ করে নির্মল। পরিকল্পনা অনুযায়ী ছিনতাইয়ের ঘটনা ঘটানোর ঠিক আগের রাতে ০১ অক্টোবর ২০২৫ তারিখে তিথি বিশ্বাস পুরুলিয়ায় আসে পুরো ঘটনার তদারকির জন্য।
বিচার
ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে দু’জনেই ছিনতাইকৃত মোটরসাইকেলে করে এলাকা ছেড়ে পালায়। পরে পুলিস তিথি বিশ্বাসকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা আদালতে পেশ করলে চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।