• ছত্তিশগড়ে স্কুলের পরীক্ষায় কুকুরের নামের প্রশ্নে অপশন ‘রাম’, তীব্র বিতর্ক
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • রায়পুর: কুকুরের নাম কী? স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার মামুলি প্রশ্ন। তা ঘিরেই ছড়িয়েছে বিতর্ক।  কারণ বিকল্প।  প্রশ্নের চারটি বিকল্পের মধ্যে একটি ছিল ‘রাম’। তাতেই আপত্তি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এরপরই ছত্তিশগড়ে মহাসমুন্দ জেলায় কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভ দেখানো হয় ডিইও দপ্তরের সামনে। 

    জানা গিয়েছে, ইংরেজি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, মোনার কুকুরের নাম কী? ‘রাম’, ‘বালা’, ‘শেরু’, ‘কোনও নাম উল্লেখ নেই’— চারটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছিল। এই ‘রাম’ অপশনটি ঘিরেই গন্ডগোলের সূত্রপাত। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীদের দাবি, এই অপশন ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এর প্রতিবাদে জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) বিজয় লাহরের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। তাঁর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি জেলা কালেক্টরের স্মারকলিপিও জমা দেওয়া হয়। জেলা কালেক্টর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। ডিইও-এর বক্তব্য, মহাসমুন্দ থেকে ১৫০ কিলোমিটার দূরে রাজনান্দগাঁও জেলায় ছাপা হয়েছিল প্রশ্নগুলি। প্রিন্টারের গন্ডগোলের কারণেই নাকি প্রশ্নপত্রে ভুল ছাপা হয়েছে। স্কুল শিক্ষাদপ্তর এই পরিবর্তনের জন্য দায়ী নয় বলেও তিনি জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)