• অমর্ত্য সেনকে নোটিস দেওয়া কমিশনের অন্যায় হয়েছে, বললেন অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআরের শুনানির নোটিস দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন এসআরডিএ চেয়ারম্যান তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে বোলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত নির্বাচন কমিশনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই যা বলার বলেছেন। তবে অমর্ত্য সেনের মতো মানুষকে এভাবে হেনস্তা করা ঠিক নয়। নির্বাচন কমিশনের অন্যায় হয়েছে। আমরা সর্বতোভাবে ওঁর পাশে রয়েছি।

    গত মঙ্গলবার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সভা থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদকে শুনানির নোটিস পাঠানো নিয়ে গর্জে ওঠেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যিনি নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব দরবারে ভারতের সম্মান বাড়িয়েছেন সেই অমর্ত্য সেনকেও যদি এভাবে শুনানির নোটিশ পাঠানো অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। বুধবার দুপুরে প্রতীচীতে গিয়ে শুনানির নোটিস পৌঁছে দেন নির্বাচন কমিশনের তিন সদস্য। জানা গিয়েছে, অমর্ত্যবাবুর মায়ের সঙ্গে বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলে এই নোটিস পাঠানো হয়েছে। অমর্ত্যবাবুর মামাতো ভাই শান্তভানু সেন নোটিসটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ জানুয়ারি বাড়িতেই শুনানি হবে। এদিন দুপুরে বোলপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের সমালোচনা করেন অনুব্রত। একই সুরে ক্ষোভ প্রকাশ করেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন যে এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। শুধু অমর্ত্য সেন নন, বহু মানুষ এই হয়রানির শিকার হয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এর সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে এই তথ্য আগে জেনেছেন সেই প্রশ্ন তুলেছে বিজেপি। সেই প্রসঙ্গেও বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া জবাব দেন মন্ত্রী। অমর্ত্যবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট নথিপত্র জমা 

    দেওয়া হবে। যদিও এবিষয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া 

    মেলেনি।  -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)