• ‘ভূতে ধরেছে’, কালনায় যুবকের উপর অমানবিক অত্যাচার, পলাতক ওঝা
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কালনা: কালনা থানার তালা গ্রামে এক যুবককে ‘ভূতে ধরেছে’ বলে তার হাত পা বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়ার ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকে ওই ওঝা এলাকা ছাড়া। যুবকের পরিবারের মুখে কুলুপ। কালনা থানার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামের ক্ষেত্রপাল পাড়ায় এক যুবকের মানসিক অস্থিরতা দূর করতে পরিবারের লোকেরা তাকে এক ওঝার কাছে নিয়ে যায়। ওই মহিলা ওঝা যুবককে দেখে জানায়, তাকে ‘ভূতে ধরেছে’। পরিবারের কোনও মৃত সদস্যের পিণ্ড না দেওয়ায় সে ভূত হয়ে ওর ঘাড়ে চেপেছে। এরপরই যুবকের হাত পা বেঁধে খালি গায়ে জল ছিটিয়ে ও আগুনের ছেঁকা দিয়ে চলে ওঝার অত্যাচার। 

    প্রকাশ্যে ও ঘরে ঢুকিয়ে দীর্ঘক্ষণ ধরে তার উপর চলে ওঝার কেরামতি। যুবকের আর্ত চিৎকারেও কর্ণপাত করেনি ওঝা। যুবকের পরিবারও তাদের ছেলের উপর অত্যাচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মাঝে মাঝে যুবক নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও কেউ এগিয়ে আসেনি। এই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ওঝা এলাকা ছাড়ে। ঘটনার পর যুবকের পরিবারের লোকেরা যেমন মুখে কুলুপ এঁটেছেন, তেমনি এলাকার বাসিন্দারাও কেউ কিছু বলতে নারাজ। 

    মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, ব্লক ও পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হয়েছে। এলাকায় সচেতনতার প্রচার চালানো হবে। জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক আশুতোষ পাল বলেন, ঘটনার ভিডিও দেখেছি। মর্মান্তিক ভাবে যুবকের উপর অত্যাচার করা হয়েছে। আমরা চাই, প্রশাসন ওঝার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক। আমরাও গ্রামে গিয়ে সচেতনতা প্রচার করব। আধুনিক সভ্যতার যুগে দাঁড়িয়ে এমন কুসংস্কার আমাদের ভাবাচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)