• টাইম টেবিল প্রকাশিত: প্রথম বন্দে ভারত স্লিপারে হাওড়া থেকে ১৪ ঘণ্টায় কামাখ্যা
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৪ ঘণ্টায় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছাবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। কামাখ্যা থেকে হাওড়া পৌঁছতেও একই সময় লাগবে। দেশের প্রথম শয়নযান বিশিষ্ট বন্দে ভারত ট্রেনের টাইম টেবিল শুক্রবার প্রকাশ করেছে রেলমন্ত্রক। ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। কামাখ্যা পৌঁছবে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে। অন্যদিকে, কামাখ্যা থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়ায় পৌঁছবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে। সামগ্রিক যাত্রাপথে এই ট্রেন থামবে মোট ১৩টি স্টেশনে। সেগুলি হল রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদহ টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল। এনজেপি ও মালদহ টাউনে ১০ মিনিট এবং আজিমগঞ্জ স্টেশনে পাঁচ মিনিট দাঁড়াবে এই ট্রেন। বাকি স্টেশনগুলিতে রয়েছে দু’মিনিটের স্টপেজ। সপ্তাহে ছ’দিন চলবে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫/২৭৫৭৬)। 

    রেলের এই টাইম টেবিল প্রকাশ হতেই স্পষ্ট, রুটের অন্য ট্রেনের তুলনায় সবথেকে কম সময়ে গন্তব্যে পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। শিয়ালদহ-গুয়াহাটি রুটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রাভেল টাইম ১৯ ঘণ্টা ৫০ মিনিট। হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ট্রাভেল টাইম ১৭ ঘণ্টা ৩০ মিনিট। কামরূপ এক্সপ্রেস ২০ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছয়। অর্থাৎ, সবথেকে কম সময়ের সরাইঘাট এক্সপ্রেসের থেকেও সাড়ে তিন ঘণ্টা কম সময়ে গন্তব্যে পৌঁছবে বন্দে ভারত স্লিপার। আগামী সপ্তাহেই হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    শুক্রবার রেলমন্ত্রক জানিয়েছে, নয়া টাইম টেবিলে সামগ্রিকভাবেই দেশের মোট ৫৪৯টি ট্রেনের গতি বৃদ্ধি করা হয়েছে। ফলে ওইসব ট্রেনের ট্রাভেল টাইমও কমেছে। এর মধ্যে পূর্ব রেলে ২৯টি ট্রেনের গতি পাঁচ থেকে ১৫ মিনিট পর্যন্ত বেড়েছে। তিনটি ট্রেনের গতি বেড়েছে ১৬ থেকে ৩০ মিনিট। উত্তর-পূর্ব সীমান্ত রেলের ক্ষেত্রে ২০টি ট্রেনের পাঁচ থেকে ১৫ মিনিট, ১০টি ট্রেনের ১৬ থেকে ৩০ মিনিট, তিনটি ট্রেনের ৩১ থেকে ৫০ মিনিট এবং আরও তিনটি ট্রেনের ৬০ মিনিটেরও বেশি গতি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, ওইসব ট্রেন আগের তুলনায় অতটা কম সময়ে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছচ্ছে। সবমিলিয়ে সারা দেশে মোট ১২২টি নতুন ট্রেন চালু হয়েছে বলেও জানিয়েছে রেল বোর্ড। 
  • Link to this news (বর্তমান)