সেনায় স্থায়ী নিয়োগের আগে বিয়ে ‘নিষেধ’ অগ্নিবীরদের
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: সেনাবাহিনীতে স্থায়ী পদে চাকরি পাওয়ার আগে পর্যন্ত বিয়ে করতে পারবেন না অগ্নিবীররা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে সেনার পক্ষ থেকে। জানা যাচ্ছে, অগ্নিবীর হিসেবে চার বছর সম্পূর্ণ করার পর যদি কেউ সেপাই পদে স্থায়ী নিয়োগ পেতে চান, তবে তাঁকে নিয়োগের আগে পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। এই পর্বে বিয়ে করলে ওই প্রার্থীকে নিয়োগ করা হবে না। জানা যাচ্ছে, নিয়মানুবর্তিতা ও সামরিক অভিযানের জন্য তৈরি থাকতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সেনার ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ৪ বছর অগ্নিবীর হিসেবে সেনায় যোগ দিতে পারেন যুবকরা। সাধারণত এই পদে সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের নিয়োগ করা হয়। ২০২৬ সালের জুলাই মাসে প্রথম ব্যাচের ২০ হাজার অগ্নিবীরের কার্যক্রম শেষ হবে। পরবর্তীকালে সেনাবাহিনীতে সেপাই হিসেবে স্থায়ী চাকরি পাবেন মোট অগ্নিবীরের ২৫ শতাংশ। সূত্রের খবর, বিয়ের বিষয়ে অনমনীয় সেনা। স্থায়ী নিয়োগ সংক্রান্ত ফল বের হওয়ার আগে পর্যন্ত অবিবাহিত থাকতেই হবে অগ্নিবীরদের। সার্ভিস রেকর্ড বা পরীক্ষা যেমনই হোক না কেন, এই পর্বে বিয়ে করলে সেই প্রার্থী ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন।