• অপারেশন সিন্দুরের ধাক্কায় সংবিধান সংশোধন পাকিস্তানের: অনিল চৌহান
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • পুনে: পহেলগাঁও হামলার বদলা। পাকিস্তানের ঘরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে কার্যত পাঁজর ভেঙে দেওয়া হয় পাকিস্তানের। শুক্রবার আরও একবার সেই অপারেশনের প্রসঙ্গ তুলে পড়শি দেশকে আক্রমণ শানালেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তাঁর মন্তব্য, ‘ওই সময় তড়িঘড়ি সংবিধান সংশোধনের জন্য বাধ্য হয়েছিল পাকিস্তান। রাতারাতি একাধিক পরিবর্তন আনা হয়েছিল। অপারেশন সিন্দুরের জেরে সেখানে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা তারই প্রমাণ। আসলে ওরা নিজেদের সেনা পরিকাঠামোয় একাধিক ত্রুটি খুঁজে পেয়েছিল।’

    শুক্রবার পুনে পাবলিক পলিসি ফেস্টিভালে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল চৌহান বলেন, ‘সংবিধানের ২৪৩ অনুচ্ছেদের সংশোধনী এনে পাকিস্তানের প্রতিরক্ষা পরিকাঠামোয় বড়োসড়ো পরিবর্তন আনা হয়েছে। তিন বাহিনীর মধ্যে সমন্বয়কারী জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদটি তুলে দেওয়া হয়েছে। সেই জায়গায় চিফ অফ ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদটি তৈরি করা হয়েছে। পাকিস্তান একটি ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ডও তৈরি করেছে। এর আগে আর্মি রকেট ফোর্সেস কমান্ডও গড়া হয়েছিল। ক্ষমতা কেন্দ্রীভূত করতেই তাদের এই নতুন কাঠামো তৈরির পদক্ষেপ।’ উল্লেখ্য, বর্তমানে এই সিডিএফ পদেই বসেছেন আসিম মুনির।
  • Link to this news (বর্তমান)