• বিজেপি ও সিন্ধেসেনার দাপটে ফিকে রাজ-উদ্ধবের জোট, বৃহন্মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক পুরসভায় পদ্মের জয়জয়কার
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • মুম্বই, ১৬ জানুয়ারি: কাজে দিল না রাজ ও উদ্ধব থ্যাকারে জুটি। বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনে বিরোধী জোটকে কার্যত উড়িয়ে দিল বিজেপি ও একনাথ সিন্ধের শিবসেনা। ভারত তথা এশিয়ার অন্যতম ধনী পুরসভা বৃহন্মুম্বই। তার ২২৭টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ৯০টিতে, একনাথ সিন্ধের শিবসেনা এগিয়ে ২৭টিতে, অজিত পাওয়ারের এনসিপি এগিয়ে ৩টিতে। অপরদিকে রাজ ও উদ্ধব জুটি এগিয়ে রয়েছে ৮০টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ১৫টি ওয়ার্ডে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বৃহন্মুম্বই পুরসভার দখল নিতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন জোট। এই জয়ের পর নিশ্চিত বৃহন্মুম্বই পুরসভায় এবারে মেয়র হবে গেরুয়া শিবির থেকেই। আর ফলাফল প্রকাশ পেতেই মুম্বইয়ে উচ্ছসিত বিজেপি সমর্থকরা।মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, ‘এই জয় উন্নয়নের। দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন’,। তবে শুধুই বৃহন্মুম্বই নয়, মহারাষ্ট্রে কার্যত বিরোধী শিবিরকে পুরসভা নির্বাচনে ধরাশায়ী করে দিয়েছে মহাযুতি জোট। নাগপুর, থানে, নভী মুম্বই, নাশিক, পুনে, পানভেল, সম্ভাজীনগর, সোলাপুর প্রায় সব পুরসভাতেই দাপট দেখাল বিজেপি নয়তো সিন্ধে শিবসেনা। তবে গেরুয়া ঝড়ের মাঝে মহারাষ্ট্রের বেশ কয়েকটি পুরসভায় ভালো ফল করেছে কংগ্রেস। কোলাপুর, চন্দ্রপুর, লাতুর, অমরাবতী, ভিওয়ান্ডি নিজামপুরের মতো পুরসভা হাত শিবিরের দখলে যাচ্ছে বলে গণনার ফলাফলে স্পষ্ট। মহারাষ্ট্রের সব পুরসভার ওয়ার্ড অনুযায়ী (২৮৬৯ ওয়ার্ড)- বিজেপি এগিয়ে রয়েছে ১২৪৩টিতে, একনাথ সিন্ধের শিবসেনা ৩২৮টিতে, অজিত পাওয়ারের এনসিপি ১৪৬টিতে, উদ্ধবের শিবসেনা ১২১টিতে, শারদ পাওয়ারের এনসিপি ৩০টি, কংগ্রেস ২৬৪টিতে, এমএনএস ১৫টিতে ও অন্যান্য ৩২৪টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।  
  • Link to this news (বর্তমান)