নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত করতে এনআইএ আধিকারিকরা অকুস্থলে এলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী আজ, শনিবার সকালে মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারই তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। বিষয়টি খতিয়ে দেখতে এদিন প্রথমে বেলডাঙা থানায় আসেন এনআইয়ের ৮ সদস্যের তদন্তকারী দল। পুলিশের করা এফআইআর খতিয়ে দেখেন তাঁরা। সূত্রের খবর, এরপরই ধৃত দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ শুরু করবেন তদন্তকারী দলের সদস্যরা। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় বেলডাঙায়। মৃতের নাম আলাউদ্দিন শেখ (৩৭)। ওই শ্রমিক ছিলেন বেলডাঙার বাসিন্দা। ঝাড়খণ্ডে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিজনদের অভিযোগ, তাঁকে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাকে ঘিরে বেলডাঙায় শুরু হয় বিক্ষোভ। জাতীয় সড়ক এবং ট্রেন অবরোধ করেন এলাকাবাসীরা। পাশাপাশি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবিতে তোলা হয়। আন্দোলন পরবর্তীতে হিংসাত্মক রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে অকুস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আক্রান্ত হন কয়েকজন সাংবাদিকও। বিক্ষোভের পাশাপাশি এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয়। পরে অবশ্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। এই ঘটনার কয়েকদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী বেলডাঙার তদন্তভার এনআইয়ের হাতে তুলে দেওয়া হয়।