সংবাদদাতা, হলদিয়া: বাস ও বাইকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানার ঘোষেরমোড় এলাকায়। জানা গিয়েছে, বালুঘাটা কুঁকড়াহাটি রোডে হওয়া এই দুর্ঘটনায় তিনজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, অরূপ মণ্ডল(৫২), দীপ্তি মণ্ডল(৪২) এবং সুজিতা মণ্ডল(১৩)। সকলেরই বাড়ি কৃষ্ণনগরে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক মহাদেব শাসমলের মৃত্যু হয়। এছাড়া জখম হয়েছেন ১০জন বাসযাত্রী। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তমলুকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচ জনের হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এসডিপিও অরিন্দম অধিকারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটিমুখী বাসটি আজ, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের স্টিয়ারিং কেটে গিয়েছিল বলে অভিযোগ। ওইসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। এরপর বাসটি ওই বাইকটিকে টেনে নিয়ে যায় বেশ কিছুটা। তারপর রাস্তার পাশের জলের পাইপ লাইনের একটি কংক্রিটের পিলারে বাইকটিকে পিষে দেয়। পাশাপাশি বাসটি পিলারে সজোরে ধাক্কা মারায় যাত্রীরা গুরুতর জখম হন। ঘটনাস্থলেই ৩ জন বাইক আরোহীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক মারা যান।