সংবাদদাতা, বারুইপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে বারুইপুরের সীতাকুণ্ড এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নাজিম সর্দার (২০) ও কার্তিক মণ্ডল (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নাজিম এবং তাঁর বন্ধু মইদুল বাইকে চেপে ফুলতলা থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে সাইকেলে চেপে ফুলতলার দিকে আসছিলেন কার্তিক। সীতাকুণ্ডের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেলে এবং পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক এবং সাইকেল আরোহী তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নাজিম এবং কার্তিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মইদুলকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।