• শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে অসুস্থ্ হয়ে মৃত্যু বয়স্ক ব্যক্তির, SIR-কেই দায়ী করছে পরিবার
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • শুনানির জন্য নোটিস পেয়ে গিয়েছিলেন বিডিও অফিসে। সেখানেই লাইনে দাঁড়িয়ে থাকার সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক বয়স্ক ব্যক্তি। হাসপাতালে ভর্তি করার পরে মৃত্যু হয়েছে তাঁর। এই মৃত্যুর জন্য SIR-কেই দায়ী করছে পরিবার।

    স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রফিকুল ইসলাম। তিনি বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, এসআইআর-জন্য নোটিস আসার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই উদ্বেগ ও চাপ তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল।

    শুক্রবার শুনানির জন্য তিনি গিয়েছিলেন স্থানীয় বিডিও অফিসে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে শুনানি সম্পন্ন করার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

    রফিকুল ইসলামের পুত্রবধূ জলিমা বিবির দাবি, শুনানির নোটিস পাওয়ার পরেই উদ্বেগে ছিলেন তিনি। এই চাপের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

    একই দাবি নলহাটি-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেবুর রহমানের। তিনি বলেন, ‘শুনানির জন্য নোটিস পাওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছিলেন রফিকুল ইসলাম। আমার কাছেও এসেছিলেন তিনি। তাঁকে আমি কোনও রকম চিন্তা না করার পরামর্শও দিয়েছিলাম। কিন্তু ওই মানসিক চাপ সহ্য করতে না পেরে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।’

  • Link to this news (এই সময়)