সুপ্রিম কোর্টের নির্দেশ, এইমসে ভরতি করা হল অসুস্থ ওয়াংচুককে
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নয়াদিল্লি: জেলে শারীরিক অবস্থার অবনতি। যোধপুর এইমসে স্থানান্তরিত করা হল লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে। সুপ্রিম কোর্টের নির্দেশেই যোধপুর সেন্ট্রাল জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। শুক্রবার ভোরে কড়া নিরাপত্তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শারীরিক দুর্বলতা, পেটের সমস্যা এবং অস্বস্তিতে ভুগছিলেন সোনাম। তাঁর পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়। বলা হয়, জেলের পরিবেশ সোনামের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। ক্রমে পরিস্থিতি জটিল হচ্ছে। তাঁর দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। সেই আবেদন বিবেচনা করে শীর্ষ আদালত সরকারি হাসপাতালে সোনামকে চিকিৎসা করানোর নির্দেশ দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে সোনামের স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও চেয়েছে আদালত।