মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লোহাপুর স্টেশনে স্টপেজ দেবে এক্সপ্রেস ট্রেনও
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১২ তারিখ থেকে শুরু উচ্চমাধ্যমিক। তার আগে পড়ুয়া ও অভিভাবকদের জন্য সুখবর শোনাল পূর্ব রেল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বীরভূমের লোহাপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে হাওড়া ডিভিশনের নলহাটি-আজিমগঞ্জ শাখার এই স্টেশনে অস্থায়ীভাবে থামবে গণদেবতা ও কবিগুরু এক্সপ্রেস। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩০১৭/১৩০১৮ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস পরীক্ষার নির্দিষ্ট দিনগুলিতে লোহাপুর স্টেশনে এক মিনিটের জন্য দাঁড়াবে। এই দুই গুরুত্বপূর্ণ ট্রেন থামলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পড়ুয়াদের আর ভোগান্তির শিকার হতে হবে না বলে মনে করছেন রেলের কর্তারা।রেলের এই ‘মুশকিল আসান’ সিদ্ধান্তে খুশি লোহাপুর ও সংলগ্ন এলাকার পরীক্ষার্থী এবং তাদের পরিবার। স্থানীয়দের দাবি, পরীক্ষার দিনগুলিতে ট্রেনের স্টপেজ বড় সুরাহা দেবে। বাসের ভিড় এড়িয়ে কম সময়ে স্বচ্ছন্দে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন পড়ুয়ারা। কিন্তু এই স্বস্তির মাঝেই কাঁটার মতো বিঁধছে রেলের সেই পুরনো ‘রোগ’—সময়ানুবর্তিতা। অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ, স্টপেজ তো মিলল, কিন্তু ট্রেন সঠিক সময়ে আসবে তো? পরীক্ষার দিনগুলিতে ট্রেন যাতে নির্দিষ্ট সময় মেনে চলে, এখন রেলের কাছে সেই জোরালো আর্জিই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রেলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পরীক্ষার দিনগুলিতে লোহাপুরে ট্রেন থামার বিষয়টি যাতে প্রহসনে পরিণত না হয়, তার জন্য রেলের তৎপরতা দাবি করছে গোটা এলাকা। বাসিন্দাদের অনুরোধ, অন্তত পরীক্ষার দিনগুলিতে যেন ট্রেন সময়ে চলে। রেল অবশ্য আশ্বাস দিয়েছে, পরীক্ষার্থীদের স্বার্থে সময়ানুবর্তিতার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হবে।রেলের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার জন্য ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১২ তারিখ ট্রেনগুলি লোহাপুরে থামবে। এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৩, ২৪, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি ট্রেন দু’টি লোহাপুরে থামবে।