অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবার নিম্নমানের, উঠল অভিযোগ
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘পরিপূরক পুষ্টি’র মান (অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল) খারাপ। চাল ও ডালে পোকা। মেয়াদ উত্তীর্ণ সর্ষের তেল’-এই অভিযোগ তুলে হাবড়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শনিবার সকালে বাণীপুর ইতনা পল্লির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভও দেখান তাঁরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবক সঙ্গীতা ঘোষ বলেন, ‘আইসিডিএসের খাবার অত্যন্ত নিম্নমানের। সেন্টারের খাবার খেয়ে আমার ছেলে অসুস্থ হয়েছে। খাবারের মান ভালো করা হোক।’ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক দত্ত চৌধুরী। তিনি বলেন, ‘এর দায় সেন্টারের দিদিমণির। ওঁকে অপসারিত করা উচিত।’ আইসিডিএস কর্মী নমিতা দাস বলেন, ‘পরিপূরক পুষ্টির খাবারে ওই চাল, ডাল, তেল ব্যবহার হয় না। ওগুলি বাতিল। যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।’ -নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)