• ১২ দিন পরে স্বাভাবিকের নীচে শহরের তাপমাত্রা, ফেব্রুয়ারিতে ঠান্ডা কি আর ফিরবে কলকাতায়?
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • এক টানা ১২ দিন স্বাভাবিকের নীচে থাকার পরে রবিবার সামান্য নামল শহরের তাপমাত্রার পারদ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। তবে, সামান্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারের তুলনায় সামান্য বাড়লেও, স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

    চলতি সপ্তাহে তাপমাত্রার খামখেয়ালিপনা চলছেই। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার প্রায় ১ ডিগ্রি পর্যন্ত কমে শহরের তাপমাত্রা নেমেছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার ফের আরও একবার কমে ১৫ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই খামখেয়ালি অবস্থা। আবহাওয়া দপ্তরের খবর, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। ২ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি আরও দুই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে।

    আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামী দু’দিন সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

    কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। তবে, সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।

  • Link to this news (এই সময়)