এসআইআর: নির্বাচন কমিশন ও সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রীর
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। রাজ্যে একাধিক জনসভা থেকে এমনই কথা বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে তিনি বারবার জাতীয় নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলেন। মমতা বলেছিলেন, গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। আর করলেনও তাই। এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এসআইআরের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন তিনি। এমনটাই খবর সূত্রের। আগামী কাল, সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। তার মধ্যেই মামলা দায়েরের খবর সামনে আসছে। যদিও আগামী বুধবার তৃণমূলের দায়ের করা এসআইআর সংক্রান্ত পুরনো মামলার শুনানি রয়েছে। সেই মামলার সঙ্গে এই আবেদন শোনা হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহতেই মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানি হতে পারে দেশের শীর্ষ আদালতে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ভুল-ত্রুটি সহ একাধিক দিক নিয়ে মোট ছ’বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে গেলেন তিনি।