• বাজেটে ঢাকাকে বড় ধাক্কা মোদী সরকারের! কত পাচ্ছে ভুটান-নেপালরা?
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • কূটনৈতিক সম্পর্কের বরফ কি তবে আরও জমাট বাঁধল? ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দিল ভারত। গত অর্থবর্ষে যেখানে ঢাকার জন্য বরাদ্দ ছিল ১২০ কোটি টাকা, এ বার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ কোটি টাকায়।

    ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপড়েন চলছে। একদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে লাগাতার হামলা ও নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ, অন্যদিকে ঢাকার বিদেশ নীতিতে ক্রমে চিন-পাকিস্তানের গুরুত্ব বৃদ্ধি— এই দুই কারণেই কি সাহায্যের হাত গুটিয়ে নিল নয়াদিল্লি?

    কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, তারা ও পার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে টি২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসতেও অস্বীকার করেছে বাংলাদেশ। এর মধ্যে নয়াদিল্লির এই বাজেট কাটছাঁট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    তবে ঢাকার বরাদ্দ কমলেও, প্রতিবেশীদের মধ্যে ভুটানের উপরেই আস্থা বজায় রয়েছে সাউথ ব্লকের। ভারতের বৈদেশিক সাহায্যের তালিকায় শীর্ষেই রয়েছে ভুটান। তাদের জন্য বরাদ্দ গতবারের ২,১৫০ কোটি থেকে বাড়িয়ে ২,২৮৯ কোটি টাকা করা হয়েছে।

    নেপাল (৮০০ কোটি), মলদ্বীপ (৫৫০ কোটি ) এবং মায়ানমারের (৩০০ কোটি) জন্যও নির্দিষ্ট অর্থ বরাদ্দ রেখেছে ভারত। কিন্তু ঢাকার এই বিপুল বরাদ্দ ছাঁটাই নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান ‘অস্বস্তিকর’ অবস্থারই প্রতিফলন। এর মাধ্যমে ঢাকার প্রতি অসন্তোষের বার্তা বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)