• SIR-এর লাইনে চার ঘণ্টা অপেক্ষা, বাড়ি ফিরেই অসুস্থ হয়ে মৃত্যু হুগলির বাসিন্দার
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • SIR-এর লাইনে চার ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হলো হুগলির রিষড়া পুরসভার বাসিন্দার। মৃত ব্যক্তির নাম মহম্মদ সিরাজউদ্দিন (৬০)। ঘটনায় ফের SIR নিয়ে নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

    জানা গিয়েছে, রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহম্মদ সিরাজউদ্দিন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল বলে পরিবার সূত্রে খবর। তবে কিছু অসঙ্গতি থাকার জন্যে তাঁকে শ্রীরামপুরে শুনানির জন্য ডাকা হয়েছিল। রবিবার নির্ধারিত সময়ে SIR-এর শুনানির জন্য হাজির হয়েছিলেন তিনি। শুনানির লাইনে প্রায় চার ঘণ্টা অপেক্ষা ছিলেন তাঁর পরিবারের দাবি। অসুস্থ হওয়ার পরে তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে, সেখানেই তাঁর মৃত্যু হয়।

    সিরাজউদ্দিনের পরিবারের এক সদস্য বলেন, ‘ওঁকে বেলা ১টার সময়ে শুনানিতে ডাকা হয়েছিল। লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওখানে বসার কোনও জায়গা ছিল না। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, ওঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে।’

    রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সাকিল আলি জানান, SIR-এর নামে জনসাধারণের হয়রানি চলছেই। প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছে SIR-এর জন্য। এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।

  • Link to this news (এই সময়)