• পোষ্য হারিয়ে যাওয়ায় আর্থিক পুরস্কারের ঘোষণা দম্পতির
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নিখোঁজ হয়ে গিয়েছে আদরের পোষ্য বিড়াল ‘পিকু’। গত পাঁচ দিন ধরে তাকে খুঁজে না পেয়ে কার্যত ভেঙে পড়েছেন মালিক পিঙ্কি সরকার ও বাপি সরকার।

    দেড় বছরের পিকুকে না পেয়ে মা-বাবার মুখে খাবার রুচছে না। বাইরের খাবার যে তার মুখে রোচে না—এমনই আদুরে ঘরের বিড়াল পিকু হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় গোটা পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

    ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ছোঁড়া এলাকায়। সরকার দম্পতির প্রিয় পোষ্য মিক্স ব্রিডের ক্যালিকো বিড়াল পিকু গত ২৭ জানুয়ারি রাত থেকে নিখোঁজ।

    প্রথমে নিজেরাই আশপাশে বিস্তর খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু কোথাও কোনও খোঁজ না মেলায় অবশেষে আউসগ্রাম থানায় ডায়েরি করেন দম্পতি। পাশাপাশি, কোনও সহৃদয় ব্যক্তি যদি পিকুকে খুঁজে ফিরিয়ে দিতে পারেন, তবে তাঁর জন্য ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করেছেন তাঁরা।

    পিঙ্কি সরকার জানান, ‘পিকু আমাদের কাছে শুধু পোষ্য নয়, আমাদের পরিবারেরই একজন সদস্য। দেড় মাস বয়সে ফেসবুকের একটি গ্রুপে দেখে চন্দননগর থেকে ওকে নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমাদের ছেলের সঙ্গেই বড় হয়েছে পিকু। একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুম, সবকিছুতেই ও আমাদের পরিবারের অংশ।’

    তিনি আরও জানান, পিকুর বয়স সবে দেড় বছর। হঠাৎ এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। তাঁদের পরিবারের ছেলের মতোই পিকুও তাঁদের কাছে সন্তানের সমান।

    পরিবারের দাবি, পিকু একেবারে ঘরের বিড়াল। বাইরে থাকার অভ্যাস নেই। ডিম সেদ্ধ, মুরগির মাংস সেদ্ধ, মাছ সেদ্ধ, এই সবই তার খাবার। সমস্ত প্রয়োজনীয় টিকাকরণ ও স্টেরিলাইজেশনও করানো রয়েছে।

    বাইরে কীভাবে নিজেকে রক্ষা করতে হয়, সেই অভিজ্ঞতা পিকুর নেই বলেই আশঙ্কা করছেন তাঁরা। সরকার দম্পতির আরও একটি পুরুষ বিড়াল রয়েছে। পাশাপাশি তাঁদের ৯ বছরের একটি ছেলে আছে।

    এক বেডরুমের ঘরেই তিনজন ‘সন্তান’-কে নিয়ে থাকেন তাঁরা। পিকু নিখোঁজ হওয়ার পর থেকে বাড়িতে কার্যত শোকের আবহ। সবার চোখেই জল, ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত হচ্ছে না।

    এলাকার অলিগলি চষে বেড়িয়েছেন তাঁরা। প্রতিবেশীদের কাছেও খোঁজ নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত পিকুর কোনও হদিস মেলেনি।

    কান্নাজড়িত গলায় পিঙ্কি বলেন, ‘বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ও বেঁচে আছে নাকি মারা গেছে, সেটুকুও জানি না। কেউ যদি সন্ধান দিতে পারেন, আমরা তাঁকে সম্মানিত করতেই চাই।’

    সবশেষে, আদরের ‘আরেক সন্তান’ পিকুকে ফিরে পাওয়ার আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সরকার দম্পতি। তাঁদের একটাই আবেদন, কেউ যদি পিকুর খোঁজ পান, তবে দয়া করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে দিতে সাহায্য করুন।
  • Link to this news (আজকাল)