বাজেটে চাবাহার বন্দর নিয়ে বরাদ্দ নেই, নেপথ্যে কি ট্রাম্পের হুমকি?
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ট্রাম্পের চাপে ‘বন্ধু’ মোদির আত্মসমর্পণ। শেষমেশ ইরানের চাবাহার বন্দর থেকে পিছু হটতে চলেছে ভারত। রবিবার বাজেট পেশের পর যেন সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল। কারণ মোদি সরকারের বাজেটে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে কোনোরকম বরাদ্দ করা হয়নি। বিশেষজ্ঞদের কথায়, এর জন্য দায়ী ইরান ও আমেরিকার আদায়-কাঁচকলায় সম্পর্ক। ইরানের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরেই ইরানের উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে যে দেশগুলির, সম্প্রতি তাদের বিরুদ্ধেও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অগত্যা চাপে পড়ে ভারতের এই পদক্ষেপ। চাবাহার নিয়ে যাবতীয় পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে।ভারত থেকে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় পণ্য পাঠাতে গেলে পাকিস্তানের উপর নির্ভর করতে হতো। কিন্তু বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই ভারতের ভরসা চাবাহার বন্দর। কিন্তু গতবছর সেপ্টেম্বরে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। সূত্রে খবর, ভারতকে সেখানকার কাজকর্ম গুটিয়ে নেওয়ার জন্য ৬ মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়সীমা ২৬ এপ্রিল শেষ হচ্ছে। হিসেবমতো ভারতের হাতে রয়েছে আর মাত্র দু’মাস। এবার ট্রাম্পের হুমকির প্রভাব পড়ল কেন্দ্রীয় বাজেটেও।