শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথম হিপ রিপ্লেসমেন্ট, সুস্থ রোগী
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, শিলিগুড়ি: উন্নত চিকিৎসা পরিষেবায় ফের দৃষ্টান্ত রাখল শিলিগুড়ি জেলা হাসপাতাল। বিনামূল্যে প্রথম হিপ রিপ্লেসমেন্ট হল। শনিবার হাসপাতালে ২২ বছরের এক যুবকের সফলভাবে হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের ইতিহাসে এ ধরনের অস্ত্র্রোপচার আগে কোনওদিন হয়নি। জেলা হাসপাতালের সীমিত পরিকাঠামোর মধ্যে এ ধরনের সফল অস্ত্রোপচার আগামী দিনে গরিব মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নিশ্চয়তার গ্যারান্টি দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।আর এ ধরনের বিনামূল্যে সফল অস্ত্রপচারের জন্য চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সকলে। অর্থোপেডিক সার্জন ডাঃ অভিষেক মল্লিকের নেতৃত্বে আড়াই ঘণ্টা ধরে ওই অস্ত্রোপচার চলে। ডাঃ মল্লিক বলেন, রোগী তিন মাসেরও বেশি সময় ধরে নেক অব ফিমার ফ্র্যাকচারে ভুগছিলেন। হাসপাতালে আসার পর পরীক্ষা নিরীক্ষার করে আমরা বুঝতে পারি অস্ত্রোপচার করা ছাড়া বিকল্প কোনও পথ নেই। হিপ রিপ্লেসমেন্ট করতেই হবে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সমস্যা ছিল। হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ সবরকমভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাঁর উৎসাহে সম্পূর্ণ বিনামূল্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথম হিপ রিপ্লেসমেন্ট সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ আছেন। এক-দু’দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।এই জটিল অস্ত্রোপচার সফল হওয়ার জন্য ডাঃ দীপান্বিতা বসু, ডাঃ অমিত বালা, ডাঃ সুদীপ্ত দাস ও ডাঃ সুধীন দাস এবং অ্যানেস্থেশিয়া বিভাগকে কৃতজ্ঞতা জানিয়েছেন ডাঃ অভিষেক মল্লিক।