• এনজেপিতে ব্রাউন সুগার সহ ধৃত মালদহের দম্পতি
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাচারের আগেই ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ। ওই দলে এক মহিলাও রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু মণ্ডল ও শান্তনা মণ্ডল। এরা সম্পর্কে দম্পতি। তৃতীয়জনের নাম জাহাঙ্গির আলম। রাজু ও শান্তনা মালদহের বাসিন্দা। জাহাঙ্গিরের বাড়ি শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনে করে মালদহ থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি এসেছিল রাজু ও শান্তনা। ফুলবাড়ির জাহাঙ্গির ওই ব্রাউন সুগার কেনার জন্য রাজুর সঙ্গে যোগাযোগ করেছিল। সেই মোতাবেক এনজেপি স্টেশনের পিছনে মাদক হাতবদল করার কথা ছিল। শনিবার রাতে নির্দিষ্ট ওই স্থানে রাজু ও শান্তনা মাদক নিয়ে আসে। খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। রাজু ও শান্তনাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ তাদের আটক করে। পরে তাদের হেপাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করে। এরপরেই জাহাঙ্গিরের জন্য অপেক্ষা করতে থাকেন তদন্তকারী অফিসাররা। সময়মতো জাহাঙ্গির এলাকায় এলেই তাকেও ধরা হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, মালদহ থেকে এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক নিয়ে আসছিল মণ্ডল দম্পতি। জাহাঙ্গির ছাড়াও একাধিক পাচারকারীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। কখনও রেল আবার কখনও সড়কপথে শিলিগুড়ি এসে মাদক এরা হাতবদল করত। ধৃতদের প্রাথমিক জেরা করতেই একাধিক তথ্য মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেপাজতে নিয়েছে এনজেপি থানা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছি। তাদের হেপাজতে পাওয়া গিয়েছে। প্রাথমিক জেরায় একাধিক তথ্য হাতে এসেছে। বাকি যারা এই কাজে জড়িত তাদের খোঁজ চালানো হবে।
  • Link to this news (বর্তমান)