• সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • সোমবার সকালে আচমকাই কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) এর প্রাথমিক তথ্য অনুসারে, এ দিন ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। সে সময়ে অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। অন্যদিকে, এ দিনই মৃদু ভূমিকম্প হয়েছে আন্দামানেও।

    জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায়। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে।

  • Link to this news (এই সময়)