• আজ থেকেই শুরু মাধ্যমিক, শুভকামনা জানালেন মমতা
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজ শুরু মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছে। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট ২,৬৮২টি।

    সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্তীদের শুভকামনা জানিয়েছেন মুখ্মযন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স-এ তিনি লিখেছেন, 'সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। সকলের ভালো ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ হোক।'




    মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতেই এই উদ্যোগ নিয়েছে লালবাজার।

    কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবে। প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও পুলিশি সাহায্য মিলবে।

    এছাড়াও, পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলান্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

    রাজ্য সরকারের তরফেও মাধ্যমিক পরীক্ষার সময় পরিবহণ পরিষেবা জোরদার করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পরীক্ষার আট দিনের জন্য ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আর যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না বলে প্রশাসনের দাবি।

    চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া  মাধ্যমিক পরীক্ষা শুরু চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলবে। 

    মাধ্যমিক ২০২৬-এর সূচি

    ২ ফেব্রুয়ারি- প্রথম ভাষা৩ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা৬ ফেব্রুয়ারি – ইতিহাস৭ ফেব্রুয়ারি – ভূগোল৯ ফেব্রুয়ারি- অঙ্ক১০ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান১১ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়

     
  • Link to this news (আজকাল)