• বাংলায় 'রেল বিপ্লব'! বন্দে ভারত স্লিপারের পর এবার বুলেট ট্রেন! ভোটমুখী বাংলার জন্য বড় ঘোষণা...
    ২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটমুখী বাংলার জন্য কেন্দ্রের বড় উপহার। রেল বাজেটে বুলেট ট্রেনের ঘোষণা। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের পর এবার বুলেট ট্রেনও পাচ্ছে বাংলা। শিলিগুড়ি থেকে বারাণসী, বুলেট ট্রেন পাচ্ছে বাংলা। এদিন সাংবাদিক বৈঠকে বাংলার বুলেট ট্রেন পাওয়ার বিষয়ে চূড়ান্ত করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    বাজেট ২০২৬–২৭: ৭টি নতুন বুলেট ট্রেন করিডরের ঘোষণা

    বাজেট ২০২৬–২৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাতটি নতুন হাই-স্পিড রেল করিডরের ঘোষণা করেন। এই করিডরগুলির মাধ্যমে মুম্বই, পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি ও বারাণসীর মতো বড় শহরগুলিকে সংযুক্ত করা হবে। পাশাপাশি ইস্ট–ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথাও বলেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানান, পূর্বে ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত হবে এই ইস্ট–ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডর।

    অর্থমন্ত্রী বলেন, “মুম্বই–পুনে, পুনে–হায়দরাবাদ, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই–বেঙ্গালুরু, দিল্লি–বারাণসী এবং বারাণসী–শিলিগুড়ির মধ্যে হাই-স্পিড রেল করিডর গড়ে তোলা হবে।” পরিবেশবান্ধব যাত্রী পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করতেই ‘গ্রোথ কানেক্টর’ হিসেবে শহরগুলির মধ্যে ৭টি হাই-স্পিড রেল করিডর গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন নির্মলা সীতারামণ। 

    প্রসঙ্গত, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পটি মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত। ৫০৮ কিমি দীর্ঘ মুম্বই–আমদাবাদ হাই স্পিড রেল (MAHSR) করিডরের নির্মাণকাজ চলছে। জাপানের শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই বুলেট ট্রেনের করিডর। সর্বোচ্চ ৩২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ট্রেন যেতে পারবে, সেইভাবেই এই করিডরের নকশা করা হয়েছে। ২০২৭ সালে ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রা শুরুর কথা।

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বেঙ্গালুরু–চেন্নাই করিডরে যাত্রা সময় হবে ১ ঘণ্টা ১৩ মিনিট, বেঙ্গালুরু–হায়দরাবাদ ২ ঘণ্টা, পুনে–মুম্বই ৪৮ মিনিট এবং পুনে–হায়দরাবাদ ১ ঘণ্টা ৫৫ মিনিট। দেশীয় প্রযুক্তিতে নির্মিত বুলেট ট্রেনের গতি হবে ২৫০ কিমি প্রতি ঘণ্টারও বেশি। বর্তমানে বন্দে ভারত দেশের সবচেয়ে হাই-স্পিড ট্রেন। বন্দে ভারতের সর্বোচ্চ গতি ২২০ কিমি প্রতি ঘণ্টা। সরকারে লক্ষ্য, ভবিষ্যতে বুলেট ট্রেন প্রকল্পে আরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহারের।

  • Link to this news (২৪ ঘন্টা)