• 'পাঁচ বছর পাত্তা নেই, এখন ভাঁওতা দিচ্ছেন', অগ্নিমিত্রাকে ঘিরে গো ব্যাক স্লোগান...
    ২৪ ঘন্টা | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • বাসুদেব চট্টোপাধ্যায়: 'পাড়ায় পাড়ায় দিদি ভাই' কর্মসূচিতে উত্তেজনা ছড়াল রানীগঞ্জের নিমচা কোলিয়ারি এলাকায়। তৃণমূল কর্মীদের কাছ থেকে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা 'হায় হায় মমতা' স্লোগান তুললেন বিজেপি সমর্থকরা।

    ওই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা অর্জুন সিং বলেন, গত ৫ বছর এলাকায় আসেননি। কয়েক মাস পরে নির্বাচন। তাই হঠাত্ পাড়ায় এসে সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। এর মধ্যে কোনও রাজনীতি নেই। এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এলাকার পরিবেশ খারাপ করার জন্য এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছিলেন। গত ৫ বছর উনি কোনও গরিব মানুষের সঙ্গে দেখা করেননি, কোনও বেকারের সঙ্গে দেখা করেননি। আমাদের বক্তব্য হল, কাজ করুন। তার পর আমরা যেভাবে উন্নয়ণের পাঁচালী পেশ করেছি সেভাবে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন। আপনি বলুন নিমচার জন্য কী করেছেন? আমাদের এখানে সবাইকে শান্ত থাকতে দিন।

    অন্যদিকে, অগ্নিমিত্রা পাল তৃণমূলের বিক্ষোভ নিয়ে বলেন, রাজ্যে বিরোধী কণ্ঠকে দমন করতেই পরিকল্পিতভাবে এই ধরনের স্লোগান ও প্রতিবাদ করা হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। বিজেপির কর্মসূচিকে ভয় দেখিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওখানে আমার পাড়ায় পাড়ায় দিদি ভাই ছিল। সেখানে আমাকে দেখে তৃণমূল কর্মীরা গো ব্যাক, বিজেপি মুর্দাবাদ স্লোগান দেয়। আমাদের কাজ মানুষের কাছে পৌঁছনো। মানুষকে বলা আপনারা মোদীজির পাশে থাকুন। আমরা আমাদের কাজই করছিলাম। কিন্তু বের হওয়ার সময় ওদের অসভ্যতামি শুরু হল। আমরাও পাল্টা দিলাম। তৃণমূল মানেই চোর, গুন্ডা। তার ভিডিয়ো আপনারা দেখতে পাবেন। অগ্নিমিত্রা পালকে গো ব্যাক বললে সে দমবে না।

  • Link to this news (২৪ ঘন্টা)