• সেই ফুয়েল কন্ট্রোল সুইচে ত্রুটি, ফিরল আমেদাবাদ দুর্ঘটনার আতঙ্ক! এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বড় বিভ্রাট
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • সোমবার লন্ডন হিথরো থেকে বেঙ্গালুরুতে উড়ে আসার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI-132 বিমানটির। ইঞ্জিন স্টার্ট করার সময়ে পাইলট লক্ষ্য করেন, বাঁদিকের ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচটি স্বাভাবিক আচরণ করছে না।

    ‘সেফটি ম্যাটারস ফাউন্ডেশন’-এর রিপোর্ট অনুযায়ী, সুইচটি ‘RUN’ পজিশনে লক হওয়ার বদলে দু’বার ‘CUTOFF’ মোডের দিকে চলে যায়। মাঝআকাশে যদি এই সুইচ নিজে থেকে বন্ধ হয়ে যেত, তবে মুহূর্তের মধ্যে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যেত।

    অনেক এভিয়েশন বিশেষজ্ঞের মতে যেমনটা ঘটেছিল আমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৮৭-৮ মডেলের বিমানে।

    ২০২৫ সালের ১২ জুন এয়ার ইন্ডিয়ার আমেদাবাদ থেকে লন্ডনগামী AI-171 ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যেও প্রাথমিক ভাবে আঙুল উঠেছে এই ফুয়েল কাটঅফ সুইচের দিকেই।

    প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, ওড়ার কয়েক সেকেন্ড পরেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির দুটি ইঞ্জিনের ফুয়েল কাটঅফ সুইচই ‘CUTOFF’ মোডে চলে গিয়েছিল। ফলে বিমানটি ওড়ার পরপরই থ্রাস্ট হারিয়েছিল এবং ভেঙে পড়েছিল।

    এমনকী ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়েছিল এক পাইলট অন্য পাইলটকে বলছেন, ‘ফুয়েল কাটঅফ সুইচ বন্ধ করলে কেন? ’ অন্যজন জানিয়েছিলেন, তিনি তা করেননি।

    এতেই মনে করা হয়, ফুয়েল কাটঅফ সুইচটি নিজে থেকেই ‘RUN’ মোড থেকে ‘CUTOFF’ মোডে চলে গিয়েছিল। সোমবারের ঘটনায় সেই একই ত্রুটি ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রী মহলে।

    এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাইলটের রিপোর্টের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ বিমানটিকে বসিয়ে দিয়েছি। বিষয়টি নির্মাতা সংস্থা এবং ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, DGCA-কে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।’

    প্রসঙ্গত উল্লেখ্য, আহমেদাবাদের দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়া তাদের সমস্ত বোয়িং ৭৮৭ বিমানের ফুয়েল সুইচ পরীক্ষা করেছিল। সেই সময়ে তারা জানিয়েছিল, কোনও ত্রুটি পাওয়া যায়নি। তবে সোমবারের ঘটনা সেই দাবিতে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

    বোয়িং সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। এার ইন্ডিয়া জানিয়েছে সমস্যাটি বোয়িংকে জানানো হয়েছে এবং বিমানের মূল সরঞ্জাম প্রস্তুতকারককে অগ্রাধিকার দিয়ে এই বিষয়টি পরীক্ষা করতে বলা হয়েছিল।

  • Link to this news (এই সময়)