• পূর্ণেন্দুর জন্মদিনে প্রকাশিত 'কলকাতা সমগ্র ২'
    আজকাল | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ণেন্দু পত্রী। বাংলা সাহিত্য, চলচ্চিত্র জগতে তাঁর অবদান বহু পথ হেঁটে আসার পরেও অস্বীকার করা যায় না। আর ঠিক সেই কারণেই, বর্তমানেও ক্রমাগত নানা ধরনের কাজ চলছে পূর্ণেন্দু পত্রীকে নিয়ে। এর আগে দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে 'কলকাতা সমগ্র ১'। পাঠকের বিপুল চাহিদা এবং পূর্ণেন্দুর বাকি সমগ্র কাজকে দু'মলাটের ভিতরে এনে প্রকাশিত হওয়ার কথা ছিল আরও একটি সমগ্রে। যদিও আয়তনের কথা ভেবে, দুটি নয়, পূর্ণেন্দুর 'কলকাতা সমগ্র'কে ভাগ করা হয়েছে তিনটি ভাগে।

    এই বইমেলায়, সোমবার, পূর্ণেন্দু পত্রীর জন্মদিনে মোড়ক উন্মোচন হল পূর্ণেন্দু পত্রীর 'কলকাতা সমগ্র ২'-এর। 'কলকাতা সমগ্র'কে বিভিন্ন খণ্ডে বিন্যস্ত করার প্রসঙ্গে উল্লেখ্য, 'কলকাতা সমগ্র ১'-এ সংকলিত নয়টি বই ছাড়াও বাকি রয়ে গিয়েছিল আরও চারটি বই— 'পুরনো কলকাতার কথাচিত্র' (১৯৭৯), 'সেনেট হলের স্মৃতিচিত্র' (১৯৮৭), 'কলকাতা কলকাতা' (১৯৯২) এবং 'কলকাতা সংক্রান্ত' (১৯৯৪)।

    সম্পাদক অয়ন দত্ত জানান, 'শেষ দু'টি বইয়ের দ্বিতীয় সংস্করণও হয়নি! তবে প্রথম বইটি খুবই জনপ্রিয়। তাই, 'পুরনো কলকাতার কথাচিত্র' বইটির সঙ্গে আরও দশটি অগ্রন্থিত লেখা, পরিশিষ্ট ও সাক্ষাৎকার জুড়ে তৈরি হবে তৃতীয় খণ্ড। আর বাকি তিনটি বই নিয়ে হল এবারের দ্বিতীয় খণ্ড।' 

    দ্বিতীয় খণ্ডে থাকছে-

    পূর্ণেন্দু পত্রীর তোলা; দেখা, না-দেখা, অগ্রন্থিত, অপ্রকাশিত সেনেট হলের ভাঙনের ৭৮টি ফোটোগ্রাফ।

    পুরনো কলকাতার আরও কিছু ছবি।

    'কলকাতা কলকাতা' এবং 'কলকাতা সংক্রান্ত' বই দু'টিতে সংকলিত লেখার প্রথম প্রকাশ সম্পর্কিত তথ্য ছিল না। এই বইতে সমস্ত না হলেও বেশ কিছু লেখায় সেই তথ্য যোগ করা হয়েছে।

    সম্পাদক বই প্রসঙ্গে জানিয়েছেন, 'প্রতিটি বইয়ের শেষতম সংস্করণের মূল পাঠটিকেই বর্তমান বইয়ে মুদ্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই পাঠের সঙ্গে পত্রিকা-পাঠ মিলিয়ে দেখা হয়েছে। তাই কিছু বিশেষক্ষেত্রে যোগ হয়েছে 'প্রসঙ্গকথা' ও 'পাঠান্তর'। প্রতিটি বইয়ের প্রকাশকাল, প্রকাশক, উৎসর্গ, ভূমিকা, বইয়ের মাপ, দাম সংক্রান্ত বিস্তারিত তথ্য আর 'পাঠান্তর' নিয়ে বইয়ের শেষে যুক্ত হল 'গ্রন্থপরিচয়'।'

    সোমবার বইমেলায় এই বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- জয়ন্ত দে, নলিনী বেরা, সুধাংশু শেখর  দে, অমর মিত্র, পুণ্যব্রত পত্রী, রাঘব চট্টোপাধ্যায়, কিন্নর রায়, অয়ন দত্ত, শুদ্ধব্রত দেব। 

    এই প্রসঙ্গেই দে'জ পাবলিশিং-এর কর্ণধার শুভঙ্কর দে জানান, 'পূর্ণেন্দু পত্রীর এই বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও, এই উপলক্ষে ৮ ফেব্রুয়ারি, টালিগঞ্জের রাধা স্টুডিওতে আয়োজন করা হয়েছে পূর্ণেন্দু পত্রী নির্মিত 'অবনীন্দ্রনাথ' (১৯৭৮) তথ্যচিত্রটি প্রদর্শনের। সকাল ১১.৩০টার সময় এই তথ্যচিত্রটি দেখানো হবে।'
  • Link to this news (আজকাল)