সংবাদদাতা, তুফানগঞ্জ: আজ, সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষর্থীরা আসতেও শুরু করেছিল স্কুলে। হঠাতই স্কুলের ক্যান্টিনে রাখা গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের ধাদিয়ালের নাককাটি উচ্চ বিদ্যালয়ে। তড়িঘড়ি ওই স্কুলে পরীক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জ্বলন্ত সিলিন্ডারটিকে ক্যান্টিনের বাইরে নিয়ে আসেন। রাখা হয় স্কুলের ফাঁকা মাঠে। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পরীক্ষার শুরুর ঠিক আগে স্কুল চত্বরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে পরীক্ষর্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে। নাককাটি উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর হাই স্কুল এবং কৃষ্ণপুর স্কুলের মোট ২০২ জন পরীক্ষার্থীর। পরীক্ষা শুরুর আগে ক্যান্টিনে চা তৈরি হচ্ছিল।তখনই আগুন লাগে একটি গ্যাসের সিলিন্ডারে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে ছুটে আসেন তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার। তুফানগঞ্জের সহকারী স্কুল পরিদর্শক মনোজ কুমার মণ্ডল জানান,‘স্কুলের ছোট গ্যাসের সিলিন্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে ছাত্র-ছাত্রী কেউ জখম হয়নি। পরীক্ষা স্বাভাবিক ভাবেই হয়েছে।’ স্কুলে পরীক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তৎপরতায় বড়ো দুর্ঘটনা আটকানো গিয়েছে বলে তিনি জানান।