• অরিজিতের বাড়িতে লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছেন আমির! তাজ্জব জিয়াগঞ্জবাসী
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অভিষেক পাল, বহরমপুর: এক হাতে লাটাই অপর হাতে ঘুড়ির সুতো। আর সেই সুতোর টানে মুক্ত আকাশে হলুদ পেটকাটি উড়ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এসে ঘুড়ি উড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট! আজ, সোমবার দুপুরে কালো বোম্বার জ্যাকেট ও হালকা জলপাই রংয়ের ট্রাউজারে গাড়ি থেকে নেমে অরিজিৎ সিংয়ের বাড়িতে যান আমির খান। সোমবারের দুপুরে হঠাৎ করে এটা কার দর্শন পেল জিয়াগঞ্জ! তাঁকে দেখতেই অরিজিতের বাড়ির গলির সামনে ভিড় জমান পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। বিখ্যাত অভিনেতা ও প্রযোজক আমির খান হঠাৎ করেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিত সিংয়ের বাড়িতে হাজির হওয়া নিয়ে জল্পনা বাড়িয়েছেন। সিনেমায় প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করার পর থেকেই কয়েকদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বাংলার এই খ্যাতনামা শিল্পীর সিনেমার গান থেকে হঠাৎ অবসর ঘোষণায় রীতিমতো স্তম্ভিত বলিউড। তাই কি নিজেই এসে অরিজিতের সঙ্গে কথা পারফেকশনিস্ট আমির খানের? নাকি নতুন কোনও প্রজেক্টের জন্য অরিজিতের সঙ্গে দেখা করলেন আমির? দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে আমির বা অরিজিৎ কারোও তরফেই কিছুই জানানো হয়নি। তবে ইতিমধ্যেই অরিজিত সিং সিনেমার পরিচালনার কাজ শুরু করেছেন। সেই কাজ নিয়ে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন তিনি। তার মাঝে হঠাৎ আমিরের আগমন স্বাভাবিক ভাবেই ফ্যানেদের মধ্যে কৌতুহল বাড়িয়েছে। গতকাল, রবিবারই কলকাতাতে এসেছিলেন আমির। তাঁর গন্তব্য যে অরিজিতের বাড়ি হবে সেটা কেউ জানতোই না।  
  • Link to this news (বর্তমান)