• ঠিক যেন ‘ম্যাজিক’, গায়েব ট্রেনের আস্ত একটা কামরা!
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ভুবনেশ্বর: সম্বলপুর স্টেশনে ঢুকছে নাগাবলী সুপারফাস্ট এক্সপ্রেস (২০৮০৯)। গন্তব্য সম্বলপুর থেকে নানদেদ। সংরক্ষিত কামরার টিকিট হাতে স্টেশনে অপেক্ষায় যাত্রীরা। কিন্তু ট্রেন থামতেই চমক। দৌড়োদৌড়িই সার। ট্রেনের একটি কামরার হদিশ পেলেন না তাঁরা। উধাও ট্রেনের আস্ত একটি থ্রি এসি কোচ! এই ঘটনায় হতবাক হয়ে পড়েন যাত্রীরা।প্রায় তিন দশক আগে বর্ধমানে আস্ত একটা প্যাসেঞ্জার ট্রেন ভ্যানিশ করে দিয়ে তাক লাগিয়েছিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। এক্সপ্রেস ট্রেনে নিজেদের বরাদ্দ কামরা খুঁজে না পেয়ে যাত্রীদের মনে যেন ফিরে এল সেই ম্যাজিকের স্মৃতি। তবে এর নেপথ্যে কোনো জাদুকর নেই। গোটা বিষয়টি ঘটেছে রেল কর্তৃপক্ষের সৌজন্যে। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে নাগাবলী সুপারফাস্ট এক্সপ্রেস ঢোকার পর দেখা যায়, ট্রেনটিতে বিই ২ কোচ নেই। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। কী করবেন বুঝতে না পেরে প্রায় ৩০ জন যাত্রী অন্যান্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন। পরে টিকিট পরীক্ষকের কাছেও নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। ইস্ট কোস্ট রেল অবশ্য এই গোটা ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটির দিকে আঙুল তুলেছে। পাশাপাশি রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছানোর পরে একটি এসি কোচ জুড়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)