ঘন কুয়াশার জেরে কলকাতা-দিল্লি রুটে বিমান পরিষেবা বিঘ্নিত
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার দিল্লি বিমানবন্দরে ছিল ঘন কুয়াশা। স্বভাবতই কম ছিল দৃশ্যমানতা। এই দুইয়ের ব্যাপক প্রভাব পড়ল বিমান পরিষেবায় উপর। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, দিল্লিগামী এক ডজন বিমান চলাচল বিঘ্নিত হয়েছে এদিন। নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে রওনা হতে পারেনি ওই বিমানগুলি। বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে ৩-৫ ঘণ্টা। এজন্য বিমান সংস্থার কাউন্টারে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সংশ্লিষ্ট যাত্রীরা। বিমান দেরিতে চলবে, এই তথ্য কেন আগে থেকে জানানো হয়নি? প্রশ্ন তুলেছেন যাত্রীরা। অনেকে তৎক্ষণাৎ টিকিট ফেরতেরও দাবি জানান। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ভিডিয়ো পোস্ট করে যাত্রীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।সমীরণ দাস নামে এক যাত্রী জানান, রাত ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে আসি। ভোর ৬টা ৫ মিনিটে স্পাইস জেটের দিল্লিগামী বিমানে আমার টিকিট কাটা ছিল। কিন্তু বিমান নির্দিষ্ট সময়ে ছাড়বে না, এই তথ্য বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তাদের কাছ থেকে এই ব্যাপারে কোনোরকম তথ্য পাইনি। বিষয়টি অত্যন্ত হতাশার। আরও একাধিক যাত্রীর অভিযোগ প্রায় অনুরূপ। যেমন বোর্ডিং পাস দিয়ে দেওয়ার পরেও জানানো হয়নি বিমান ছাড়তে দেরি হচ্ছে। বোর্ডিং গেটে যাত্রী বিক্ষোভের ছবি উঠে এসেছে সামাজিক মাধ্যমে। অনেকেরই অভিযোগ, বিমান সংস্থার কর্মীদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ।বিমানবন্দর সূত্রের খবর, দিল্লিতে দৃশ্যমানতা ১০০ মিটারের কম হয়ে গিয়েছিল। ফলে দিল্লি থেকে একাধিক বিমান যথাসময়ে উড়তে বা নামতে পারেনি। এদিন কাকভোর থেকে সকালের অনেকটা সময় পর্যন্ত যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে।