সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ডাকাতি করতে গিয়ে অস্ত্র সহ পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী। পলাতক দুই। রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা কস্তুরিয়া এলাকায় আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল দিলশাদ রাজা, মহম্মদ নিসার আহমেদ, মশিউর রহমান, আরিফুল হক ও মহম্মদ কালু। দিলশাদ ও নিসারের বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের গাররা গ্রামে। মশিউর ও আরিফুল থাকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে। কালুর বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। দিলশাদ ও মশিউর শ্যালক ও জামাইবাবু। আবার দিলশাদের কাকার ছেলে হচ্ছে নিসার। দিলশাদ কুশিদা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি।এদিন রাতে কস্তুরিয়া এলাকায় আমবাগানের মধ্যে বসে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির ছক কষছিল তাঁরা। ওই সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতীকে পাকড়াও করে। ধৃতদের হেপাজত থেকে একটি সেভেন এমএম পিস্তল, দুটি কার্তুজ, একটি পাইপগান, একটি গুলি, একটি ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে চারদিনের পুলিশ হেফাজত হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল দাগী আসামী। তাদের নামে একাধিক চুরির মামলা রয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যেই এদিন রাতে তারা বাগানে জমায়েত হয়েছিল। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন,ডাকাত দলের পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে চারদিনের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।