মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন, চকোলেট দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ময়নাগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষার্থীদের হাতে চকোলেট, পেন, পানীয় জলের বোতল, গোলাপ ফুল তুলে দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়। এছাড়াও পরীক্ষার্থীদের মায়েদের পরীক্ষা কেন্দ্রের বাইরে বসার জন্য ত্রিপলের ব্যবস্থা করেন। তাঁদের হাতে তুলে দেন পানীয় জলের বোতল ও চকোলেট।সোমবার থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। কোনও ছাত্রছাত্রীকে যেন সমস্যায় পড়তে না হয় তারজন্য ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান রামমোহন। সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের চকোলেট, পেন, জল, গোলাপ দেওয়া হয়। ময়নাগুড়ি সুভাষনগরের এক ছাত্রের পরীক্ষার সিট পড়েছে ময়নাগুড়ি গার্লস স্কুলে। ওই পরীক্ষার্থী বাড়িতে অ্যাডমিট কার্ড ছেড়ে আসে। এই খবর পেয়ে দ্রুত তার বাড়ি পৌঁছে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষার্থীর হাতে তুলে দেন রামমোহন রায়। ময়নাগুড়ি বিধানসভার যেসব স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর সিট পড়েছে সেসব কেন্দ্রের বাইরে বসে থাকা মায়েদের খোঁজখবর নেন রামমোহন রায়।তিনি বলেন, আমরা তৃণমূলের যুবরা মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। একজন ছাত্রের জীবনে প্রথম বোর্ডর পরীক্ষা মাধ্যমিক। স্বাভাবিক ভাবেই বড় পরীক্ষার জন্য অনেকেই নার্ভাস হয়ে যায়। আমাদেরও একসময় হয়েছিল। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছি। তাদের হাতে চকোলেট, পেন, জলের বোতল দিয়েছি। মায়েরা উৎকণ্ঠা নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে থাকেন। তাঁদের বসার জন্য ত্রিপলের ব্যবস্থা করা করেছি। তাঁদের জল ও চকোলেট দেওয়া হয়েছে।