• এইমস ইস্যুতে মুখ পুড়েছে, ড্যামেজ কন্ট্রোলে ময়দানে বিজেপি নেতারা
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ব্রতীন দাস ,জলপাইগুড়ি: বাজেটে ঘোষণা না হওয়ায় উত্তরবঙ্গে এইমস ইস্যুতে মুখ পুড়েছে বিজেপির। এনিয়ে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামতে বাধ্য হচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। দলের অন্দরে বিজেপির নিচুতলার কর্মীদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, রাজ্যের ঢালাও জনমুখী প্রকল্পের পাল্টা দিতে কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য কী আছে? কেন্দ্রের কী ‘তোফা’ নিয়ে তাঁরা উত্তরের গ্রাম-শহরে ভোটের প্রচারে যাবেন? যে এইমস নিয়ে উত্তরবঙ্গবাসীকে স্বপ্ন দেখানো হচ্ছিল, সেব্যাপারে বাজেটে কিছু ঘোষণা হল না কেন? এনিয়ে যখন আমজনতা প্রশ্ন তুলবে, কী জবাব দেবেন তাঁরা? খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির জনসভা থেকে এইমস নিয়ে উত্তরের বাসিন্দাদের আশা জাগানোর পরও বাজেটে তার কোনও প্রতিফলন হল না কেন, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরের আমজনতা। এই পরিস্থিতিতে এইমস নিয়ে দলের নীচুতলার কর্মীদের পাশাপাশি জনতার ক্ষোভে প্রলেপ দেওয়ার পথ খুঁজতে মরিয়া পদ্ম পার্টির স্থানীয় নেতারা।বিজেপি সূত্রে খবর, দলের নিচুতলার কর্মীদের বোঝানো হচ্ছে, সবটাই যে বাজেটে ঘোষণা করতে হবে এমনটা নয়। নোটিফিকেশন জারি করেও অনেক কিছু করা যায়। উত্তরে এইমস নিয়ে সেটাই করা হবে। আপাতত এমনটাই যেন আমজনতাকে বোঝানো হয়। বিজেপি নেতারাও ময়দানে নেমে সেই চেষ্টা শুরু করেছেন। কিন্তু এভাবে বারবার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের ‘মগজ ধোলাই’ করে আদৌ কি লাভ হবে, বিজেপির অন্দরে সেই প্রশ্নও উঠছে।এইমস ইস্যুতে উত্তরের জেলায় জেলায় বিজেপি কর্মীদের একাংশ সরব। নেতৃত্বের উদ্দেশে তাঁদের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও যদি বাজেটে কিছু উল্লেখ না থাকে, তাহলে ভোটের আগে নোটিফিকেশন জারি করে উত্তরে এইমসের ঘোষণা করা হবে, এর নিশ্চয়তা কী? সেক্ষেত্রে দলের নির্বাচনী ইস্তাহারে যাতে উত্তরবঙ্গে এইমসের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়, তা নিয়ে জোরাল দাবি তুলেছেন বিজেপি কর্মীদের একাংশ। কিন্তু দলের নির্বাচনী ইস্তাহারে উত্তরে এইমসের বিষয়টি যে রাখা হবে, সেব্যাপারে মোটেই আশ্বস্ত করতে পারছেন না গেরুয়া শিবিরের রাজ্য নেতারা।বিজেপির রাজ্য সহ সভাপতি তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, বাজেটে ঘোষণা না হলেও আমরা এটুকু বলতে পারি, উত্তরবঙ্গে এইমস হবে। তবে এটা দলের নির্বাচনী ইস্তাহারে রাখা হবে কি না তা এখনই বলা সম্ভব নয়।বিজেপিকে বিঁধে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর তোপ, আসলে বাজেটে মুখ পুড়েছে বিজেপির। কোন মুখে উত্তরবঙ্গের মানুষের কাছে ভোট চাইতে যাবে, তা বুঝতে পারছে না ওরা। এইমস নিয়ে বাজেটে কেন ঘোষণা হল না? আসলে সবটাই বিজেপির ভাঁওতাবাজি। উত্তরের মানুষ ওদের মিথ্যাচার ধরে ফেলেছে। ছাব্বিশের ভোটে বিজেপি উত্তরবঙ্গে ধরাশায়ী হবে।
  • Link to this news (বর্তমান)