জাজিগ্রাম থেকে সিউড়ি ও দুর্গাপুর রুটে সরকারি বাসের আবেদন, পরিবহণমন্ত্রীকে চিঠি বীরভূম জেলা পরিষদের
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, সিউড়ি: এবার সিউড়ি-জাজিগ্রাম এবং জাজিগ্রাম-দুর্গাপুর রুটে সরকারি বাস চালানোর জন্য পরিবহণমন্ত্রীকে লিখিত আবেদন জানাল বীরভূম জেলা পরিষদ। তাদের তরফে মন্ত্রীর পাশাপাশি এসবিএসটিসি এবং এনবিএসটিসির কাছেও এই আবেদন জানানো হয়েছে।এবিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, ওই রুটে বাস দেওয়া প্রয়োজন। সেটা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। তাই আমরা পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হয়েছি।মুরারই-২ ব্লকের জাজিগ্রাম ও লাগোয়া এলাকায় জনসংখ্যা অনেকটাই বেড়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে স্কুল, কলেজ, কারখানার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার বহু মানুষ সিউড়ি ও দুর্গাপুর যান। ওই দু’টি এলাকা থেকেও অনেকে জাজিগ্রামে আসেন। অথচ সিউড়ি-জাজিগ্রাম এবং জাজিগ্রাম-দুর্গাপুর রুটে কোনও সরকারি বাস চলাচল করে না। ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়।প্রায় দু’দশক আগে সিউড়ি-জাজিগ্রাম রুটে বাস চলাচল করত। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। এবিষয়ে সরকারি বাসের কর্মীরা জানালেন, ওই রুটে যাত্রী পাওয়া মুশকিল। কারণ এখন প্রচুর বেসরকারি বাস, অটো ও টোটো ওই রুটে যাতায়াত করে।জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকার মানুষের সমস্যার বিষয়ে তারা অবহিত। জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ বিষয়ক স্থায়ী সমিতির সভায় অনেকবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাসখানেক আগে এনবিএসটিসি ও এসবিএসটিসির কাছে সিউড়ি-জাজিগ্রাম ও জাজিগ্রাম-দুর্গাপুর রুটে বাস চালানোর আবেদন জানানো হয়। কিন্তু ওই দুই সংস্থার তরফে এবিষয়ে কোনও সদুত্তর মেলেনি। তাই এবার বিষয়টি নিয়ে সরাসরি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দ্বারস্থ হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কয়েকদিন আগেই মন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।