নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। তাতে ফের বাইকচালকের মৃত্যু। এনিয়ে গত ২৫ দিনে নিউটাউনে ছ’জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে পাঁচজনই বাইকচালক। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৃতের নাম সাকিদ রাজ (৪২)। নিউটাউনের ইকোস্পেসের কাছে ওই দুর্ঘটনাটি ঘটেছে। বাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে ছিটকে পড়েন। তবে, এরপর পুলিশ দুর্ঘটনা এড়াতে ওই বাম্পারে হোয়াইট মার্কিং করেছে।ওই যুবক ইকোস্পেসের দিক থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। রাস্তায় একটি বাম্পারে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মাথায় হেলমেট ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। ওইদিন রাতেই ডিএলএফ-২ এর কাছে একটি বাইকের পিছনে ধাক্কা দেয় একটি লরি। তাতে বাইকচালক জখম হয়েছেন। মাথায় হেলমেট থাকায় রক্ষা পেয়েছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি– মাত্র তিন সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছিল। ৬ জানুয়ারি নিউটাউনের পাথরঘাটা–বাদামতলা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান উলটে চালকের মৃত্যু হয়। ১৩ জানুয়ারি নিউটাউন–যাত্রাগাছি বাগজোলা খালপাড়ের রাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইকচালকেরই মৃত্যু হয়। ২৫ জানুয়ারি ইকোপার্কের সামনে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা দিয়ে এক বাইক চালকের মৃত্যু হয়। ২৮ জানুয়ারি টেকনোসিটি থানার কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন চাপনা এলাকায় গাড়ির ধাক্কায় এক বাইকচালকের মৃত্যু হয়। ফের রবিবার রাতে বাইকচালকের মৃত্যু।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা রুখতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির প্রচারও চালানো হচ্ছে। প্রয়োজনে আরও সচেতনতামূলক কর্মসূচি করা হবে।