নয়াদিল্লি: ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত। সোমবার রাতে ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে জানালেন, ভারতীয় পণ্যের উপর পালটা শুল্ক ২৫ শতাংশ কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। পরে তিনি সমাজমাধ্যমে লেখেন, মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। বদলে আমেরিকা থেকে আরও বেশি করে ও সম্ভবত ভেনেজুয়েলা থেকেও তেল কিনবে দিল্লি। এতে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সহজ হবে বলেও মত ট্রাম্পের।
তাঁর দাবি, চুক্তি কার্যকর হলে ভারত ৫০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন মার্কিন পণ্য কিনবে। কিছু পরে এক্স হ্যান্ডলে মোদিও জানান, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় তিনি আনন্দিত। ১৪০ কোটি ভারতবাসীর তরফে ট্রাম্পকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। তবে, মোদি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেননি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আবার জানিয়েছেন, ভারতকে শুধু১৮ শতাংশ শুল্কই দিতে হবে। রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক উঠে যেতে পারে বলে ইঙ্গিত গোরের। এদিকে, কংগ্রেস নেতা জয়রাম রমেশের খোঁচা, মনে হচ্ছে মোদি শেষমেশ নতিস্বীকারই করলেন। এটি ‘ফাদার অব অল ডিলস’ হতে পারে না।