স্কুটারের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, ৪ জনের মৃত্যু
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
চণ্ডীগড়, ৩ ফেব্রুয়ারি: মর্মান্তিক দুর্ঘটনা পাঞ্জাবের হোশিয়ারপুরে। মুকেরিয়ানের কাছে জলন্ধর–পাঠানকোট জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটারে চড়ে যাচ্ছিলেন ৪ জন। হঠাত্ রামনগর কলোনির কাছে একটি দ্রুতগতির গাড়ি স্কুটারটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনার জেরে স্কুটারটি আবার সামনে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। এর ফলে স্কুটারে থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির চালক সামান্য আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পাঞ্জাবের এই হোশিয়ারপুরেই বাস এবং একটি গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরও একজন। সেই সময় পুল়িশ জানায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছিল। কিন্তু বারবার একই এলাকায় সড়ক দুর্ঘটনা হওয়ায় রীতিমতো চিন্তিত পুল়িশ-প্রশাসন।