• ভোটার হয়রানির অভিযোগে রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু
    দৈনিক স্টেটসম্যান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্যপালকে লেখা চিঠিতে দাবি করা হয়, রাজ্য সরকারের অধীন নিযুক্ত একাংশের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার , অতিরিক্ত এইআরও এবং বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে ইচ্ছাকৃতভাবে বানান বা তথ্যগত ভুল দেখিয়ে ভোটারদের নোটিস পাঠাচ্ছেন। এর ফলে পুরো এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধ সত্ত্বেও রাজ্যে পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়নি, যা প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি, বেশ কয়েকটি জেলায় শুনানির কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। বসিরহাটের  ইআরও ও এইআরও- এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে দোষীদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে।

    এছাড়া শুনানিকেন্দ্রে তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতি, মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য এবং অভিযোগকারীদের ভয় দেখানোর মতো ঘটনাও উল্লেখ করা হয়েছে। এমনকি ফর্ম-৭ জমা দেওয়া কিছু অভিযোগকারীর বিরুদ্ধে শুনানির আগেই ফৌজদারি মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

    এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, ইআরও, এইআরও ও বিএলও-দের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ চাইছে বিজেপি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)