মুম্বই বিমানবন্দরে বড় মাপের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি যাত্রিবাহী বিমান। মঙ্গলবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের ল্যান্ডিং বে-তে ডানায়-ডানায় সংঘর্ষ হয় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি জেট বিমানের। সংঘর্ষের সময়ে দুটি বিমানেই যাত্রী ঠাসা ছিল। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার AI 2732 বিমানটি কোয়েম্বাটোর যাওয়ার জন্য পুশব্যাক করছিল। ঠিক সেই সময়েই হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর 6E 791 বিমানটি ট্যাক্সি করে পার্কিং বে-র দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই বিমানদু’টির wingtip অর্থাৎ, ডানার প্রান্তভাগে ঘষা লাগে।
ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে এই ঘটনা ঘটায় সাময়িক ভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে বিমানদুটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে একটা বড় বিপদ যে এড়ানো গিয়েছে, তা বলাই বাহুল্য। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দুই উড়ান সংস্থা। উড়ান সংস্থাদু’টির তরফে অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।