• এসআইআর: সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ মমতা
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আবু হায়াত বিশ্বাস: এসআইআর ইস্যুতে কাল সুপ্রিম কোর্টে জোরালো সাওয়াল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে পথে নেমে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চালাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। খোদ তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোর্টে। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে তাঁর দায়ের করা মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কোর্টের শুনানি তালিকায় ৩৭ নম্বরে রয়েছে মমতার দায়ের করা মামলাটি। জানা গিয়েছে, মামলার শুনানিতে স্বয়ং মামলাকারী মমতা উপস্থিত থাকবেন প্রধান বিচারপতির এজলাসে। করবেন সওয়ালও। সূত্রের খবর, আদালতে ইন পারসন উপস্থিত থেকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুক্তি পেশ করতে পারেন তিনি। 

    সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত আরও একটি মামলা করেছিলেন কবি জয় গোস্বামী। তাঁর দায়ের করা মামলাটিরও শুনানি হবে বুধবার। জয় গোস্বামীর দায়ের করা মামলাটি শুনানির ক্রম তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। মমতা সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও ভিভিআইপি সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যে সেই ছাড়পত্রও মিলে গিয়েছে বলে সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)