অয়ন ঘোষাল: ভয়ংকর কাণ্ড বালিগঞ্জ স্টেশনে। ব্যস্ত সময়ে ট্রেন ছাদে পড়ে গিয়ে ঝলসে গেলেন এক ব্য়ক্তি! শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আতঙ্কিত যাত্রীরা।
শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বালিগঞ্জ। এই স্টেশনের উপর গিয়ে যায় একাধিক রুটের লোকাল ট্রেন। দিনভর বালিগঞ্জ স্টেশনে যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। আজ, মঙ্গলবার সেই বালিগঞ্জ স্টেশনেই ঘটে গেল ভয়ংকর ঘটনা।
ঘড়িতে তখন সাড়ে ৭টা। সন্ধেয়বেলা বালিগঞ্জ স্টেশনের ফুটব্রিজ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ফুটব্রিজের দু'ধারে তারের জালি। মাঝে কিছুটা জায়গায় আবার ফাঁকা। অসাবধানতায় সেই ফাঁকা জায়গা দিয়েই নিচে পড়েন যান তিনি। নিচে আপ লাইনে তখন এসে দাঁড়িয়েছে একটি ট্রেন। পাওয়ার প্যানেল অন। অর্থাৎ ওভার হেড তারে বিদ্যুৎ ছিল। ট্রেনে ছাদে পড়ে ঝলসে যান ওই ব্যক্তি।
এই ঘটনার পর বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেলকর্মীরা। প্রায় ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় আরপিএফ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। তিনি কি আত্মহত্যা করতে গিয়েছিলেন? তা খতিয়ে দেখা হচ্ছে। ঘণ্টা খানেক বাদে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।