• চাপে পড়েই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি: রাহুল
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। বিজেপি বড়োসড়ো সাফল্যের দাবি করলেও বিরোধীরা তা মানতে নারাজ। তাদের দাবি, দেশের স্বার্থের সঙ্গে আপস করা হয়েছে। বিতর্ক বাড়িয়ে দিয়েছেন মার্কিন কৃষিসচিব ব্রুক রোলিন্সের সোশ্যাল মিডিয়া বার্তা। তাঁর দাবি, এবার আমেরিকার কৃষকদের পণ্য ভারতের বাজারে বিক্রি হবে। এরই সূত্রে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, চাপের মুখেই চুক্তি চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপথ্যে রয়েছে আমেরিকার আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা ও এপস্টাইন ফাইল সংক্রান্ত বিতর্কের চাপ। এজন্যই দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। নিজের পিঠ বাঁচাতে দেশের কৃষকদের পরিশ্রম এবং রক্ত ও ঘাম বেচে দিয়েছেন মোদি। পালটা রাহুলকে একহাত নিয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, কংগ্রেস সহ বিরোধীদের দেশের স্বার্থ নিয়ে কোনও মাথাব্যথা নেই। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। তিনি ফ্যাসাদে পড়েছেন। কারণ, কয়েক হাজার কোটি টাকা খরচ করে তাঁর ভাবমূর্তির যে বেলুন তৈরি হয়েছে, তা ফেটে যেতে পারে। এজন্যই গত চার মাস ধরে আমেরিকার সঙ্গে আটকে থাকা বাণিজ্য চুক্তি তড়িঘড়ি গত রাতে চূড়ান্ত হল। রাহুলের দাবি, মার্কিন কৃষি পণ্যকে ভারতে প্রবেশাধিকার দিয়ে দেশের কৃষকদের কঠোর পরিশ্রম এবং ঘাম ও রক্ত বেচে দিয়েছেন মোদি। দেশের স্বার্থ বিক্রি করে এই চুক্তি হয়েছে। এর নেপথ্যে রয়েছে মোদির উপর চাপ। এজন্যই তাঁকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না বলে দাবি রাহুলের। তাঁর দাবি, মোদি ভয়ে কাঁপছেন।  ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)