• বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক নীতিনের
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার বাংলার বিজেপি সাংসদদের  সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এদিন রাতে বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির সরকারি বাসভবনে এই বৈঠক হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বাংলার বিজেপি সাংসদদের নীতিন জানিয়েছেন, জনসংযোগে আরও জোর দিতে হবে। যেটুকু যোগাযোগ হচ্ছে, তা মোটেও যথেষ্ট নয়। ভোটের কথা মাথায় রেখে শাসক কিংবা বিরোধী—প্রত্যেক দলের সমর্থকের বাড়িতে কড়া নাড়তে হবে। সাংসদদের কাছ থেকে নবীন এলাকার সমস্যা শুনেছেন এবং তার সুরাহায় কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছেন।  প্রসঙ্গত, নীতিন নবীন যখন এই বৈঠক করছেন, তখন মমতাও রয়েছেন রাজধানী দিল্লিতে। স্বাভাবিকভাবেই উঠেছে সেই প্রসঙ্গও। এপ্রেক্ষিতে বাংলার বিজেপি সাংসদদের নীতিন সাফ জানিয়েছেন, যেভাবে রাজ্যে আন্দোলন কর্মসূচি নেওয়া প্রয়োজন, বিজেপি তা করতে পারছে না। পিছিয়ে পড়ছে। এদিকে, এদিন বিজেপির বৈঠকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ গরহাজির ছিলেন। একের পর এক বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। তারপরে দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর গরহাজিরাকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)