সংবাদদাতা, নকশালবাড়ি: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে ৩০০ মিটার গ্রামীণ রাস্তার কাজ কাটছাঁট করে বোর্ড টাঙানোকে ঘিরে বিতর্কের সৃষ্টি হল খড়িবাড়িতে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খড়িবাড়ির বুড়াগঞ্জের কৌরিজোতের বাসিন্দারা।স্থানীয়রা জানিয়েছেন, কৌরিজোতে প্রায় ৩০০ মিটার কংক্রিটের রাস্তার কাজ ধরা হয়। এজন্য প্রায় ৬ লক্ষ ৫৮ হাজার ২৪৪ টাকা বরাদ্দ হয়। ২৪ ডিসেম্বর থেকে কাজও শুরু হয়। গত শুক্রবার কাজটি শেষ হয়েছে। তবে ৩০০ মিটার রাস্তার কাজ ধরা হলেও, ঠিকাদারি এজেন্সি তা ১৮২ মিটার করে শেষ করে দেয়। একইসঙ্গে পুরনো বোর্ডের তথ্য তুলে দিয়ে নতুন বোর্ড টাঙিয়ে দিয়েছে। যেখানে ১৮০ মিটার উল্লেখ রয়েছে। স্থানীয় বাসিন্দা মুন্না ওরাওঁ বলেন, যতটুকু রাস্তা হওয়ার কথা ছিল, তা সিডিউল অনুযায়ী করা হয়নি। তা নিয়ে ঠিকাদারি সংস্থার থেকে জবাব চাই। অপর এক বাসিন্দা ধনকুমার বর্মন বলেন, শিডিউল অনুযায়ী রাস্তার কাজটি সম্পন্ন করতে হবে। এনিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছি।বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় বলেন, আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্লক প্রশাসনকেও জানাব।এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডলের সভাপতি তরুণ সিংহ বলেন, রাস্তার কাজে চুরির বিষয় কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ বলেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে স্থানীয়দের অভিযোগ শুনে কাজটি ধরা হয়েছিল। সাধারণত ৬ লক্ষ টাকা বরাদ্দে ১৮০ মিটার কংক্রিটের রাস্তার কাজ হয়। সেক্ষেত্রে এজেন্সি ভুলবশত ৩০০ মিটার রাস্তার কাজের ব্যানার প্রিন্ট করে নিয়েছিল। এনিয়ে কোনও দুর্নীতি হয়নি। এই হোর্ডিং ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।-নিজস্ব চিত্র