• কোচবিহার পুরসভায় মন্ত্রী উদয়ন
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: যতদিন কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন ততদিন সেখানে ডাক পাননি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এবার চেয়ারম্যান বদল হতেই পুরসভায় এলেন মন্ত্রী উদয়ন গুহ। আর কটাক্ষের সুরে বললেন, রাজার শহরের পুরসভা থেকে এদিন ফুল পেলাম।কোচবিহারে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে রবি-উদয়নের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। যা নিয়ে এর আগেও বহু জলঘোলা হয়েছে। এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে সঙ্গে নিয়েই পথ চলতে চাইছে কোচবিহার পুরসভা। শীঘ্রই পুরসভার বেশকিছু কাজের জন্য আর্থিক বরাদ্দ চাইতে কলকাতাতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।মঙ্গলবার দুপুরে কোচবিহার পুরসভায় আসেন মন্ত্রী উদয়ন। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক, ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলাররা। পরে পুরসভার নতুন ওয়েবসাইটের উদ্বোধন হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বেশকিছু কাজ হবে। যা এতো দিন পুরনো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছিল না।উদয়ন গুহ বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। মন্ত্রী হয়ে রাজার শহরের পুরসভা থেকে একটা ফুল পাওয়া গেল। এটা কম আনন্দের বিষয়! ওদের অনেক সমস্যা রয়েছে। সেগুলি যদি সমাধান করা যায়, দেখব। আমি মন্ত্রী হওয়ার পরে ১৪ কোটি টাকার কাজ কোচবিহার পুরসভাকে দেওয়া হয়েছে। যখন যেমন ডাকবে আসব।অভিজিৎ দে ভৌমিক বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে শহরে প্রচুর কাজ হয়েছে। এদিন মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই তিনি এসেছিলেন। আমাদের এখনও প্রচুর কাজ বাকি আছে। সেসব নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি আমরা কলকাতায় যাব। মন্ত্রী সেখানে থাকলে আরও ভালো হয়। মন্ত্রীর কাছে কিছু ফান্ড চাওয়া হয়েছে।পুর চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, এদিন পুরসভায় নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হল। এতে পুরসভার পরিষেবা আরও ভালো হবে। এদিকে, পুরসভা সূত্রে জানা গিয়েছে, রেসিডেনশিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটের জন্য নতুন ওয়াবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য সেখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্সের আবেদন করা যাবে। এছাড়াও হোল্ডিং, মিউটেশন, সম্পত্তি কর প্রভৃতি বিষয়ও আগামী অর্থবর্ষ থেকে চালু হয়ে যাবে। যেকোনও বিষয়ে অভিযোগও করা যাবে। পাওয়া যাবে কাউন্সিলারদের ফোন নম্বর সহ পুরসভার প্রয়োজনীয়  বিষয় ও তথ্য। • কোচবিহার পুরসভায় উদয়ন গুহ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)