• Breaking News Live: শুনানির সময়ে মামলাকারী হিসেবে বক্তব্য রাখতে লিখিত আবেদন মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • শীর্ষ আদালত সূত্রের দাবি, বুধবার যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময়ে মামলাকারী হিসেবে তিনি বক্তব্য রাখতে পারেন, তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আদালতে আলাদা করে লিখিত আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মামলা দায়ের করেছেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল কুনাল মিমানির মাধ্যমে।

    সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বসেছেন ভিজিটর্স আসনে। আইনজীবীদের ভিড়ে উপচে পড়ছে প্রধান বিচারপতির এজলাস। রয়েছেন বর্ষীয়ান আইনজীবীরাও।

    নরেন্দ্রপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মোমো কারখানার তিন কর্মীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতদের মধ্যে ছিলেন বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেরিয়ার বাসিন্দা বাসুদেব হালদার। পরিবারের পাশে দাঁড়াতে বাসুদেব হালদারের বাড়িতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম।

    বুধবার SIR মামলার শুনানি। সকাল ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে সওয়াল করতে দেখা যেতে পারে। নিজের মামলায় তিনি নিজেই সওয়াল করবেন বলে জল্পনা।  মামলাটির শুনানি নির্ধারিত রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। 

    পূর্ব উত্তরপ্রদেশের ত্রাস, কুখ্যাত ভাড়াটে খুনি বারাণসী মঙ্গলবার রাতে বেনারসের চৌবেপুর এলাকার বরিয়াসানপুর রিং রোডে স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে নিহত হয়েছে। পুলিশের দাবি, বারাণসীকে একাধিকবার আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তাতে কান না দিয়ে সে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের লক্ষ্য করে মুড়িমুড়কির মতো গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি ছোড়ে পুলিশও। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম বারাণসীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু'টি অত্যাধুনিক পিস্তল ও প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোটা টাকা নিয়ে খুন করত বারাণসী। কখনও নিজে করত, কখনও নিজের দলের লোককে দিয়ে খুন করাতো। তার বিরুদ্ধে কমপক্ষে ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে খুন ছাড়াও, অপহরণ, তোলাবাজি, বেআইনি অস্ত্রের কারবারও রয়েছে।

    উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ ঘটনা। অনলাইন গেম নিয়ে আপত্তি অভিভাবকদের। অভিমানে দশ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তিন নাবালিকা বোন।

    দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল শিউলি পরিবারের অস্থায়ী ছাউনি ঘর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায়। পাশের বাড়িতে বাজি পোড়ানোর কারণেই আগুন ধরেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

    রবিবার গোলপার্কে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রাকেশ বনিক ওরফে কেলে (২৭) এবং রাজীব দাস ওরফে সোনু (২১)। ধৃতরা দু’জনেই রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা। গোলপার্কের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মহারাষ্ট্রের থানে এলাকার ১৮তলা এক বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়। ওই বহুতলে বহু মানুষ বসবাস করেন। ১১ তলায় বিদ্যুতের তার ছিঁড়ে আগুন ধরে যায় বলে খবর। ঘটনায় ভিতরে আটকে পড়েন প্রায় ৭০ জন। তাঁদের উদ্ধার করেছে দমকল। তবে দুই জন বাসিন্দা আগুনে মারাত্মক ভাবে পুড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)